খেলাধুলা

মোস্তাফিজুর-শরিফুল নাকি অন‌্য কেউ?

নিউ জিল‌্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাটকীয়ভাবে দলে ঢুকেন শরিফুল ইসলাম। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টসের জন‌্য মাঠে প্রায় চলেই গিয়েছিলেন। তার হাতে যেই টিম শিট ছিল সেখানে একাদশে লিখা ছিল মোস্তাফিজুর রহমানের নাম। ওই শিটের একটি কপি ততক্ষণে প্রোডাকশনের কাছে পৌঁছেও গিয়েছিল। কিন্তু মিরাজকে থামিয়ে দিয়ে ম‌্যানেজার নাফিস ইকবাল নতুন টিম শিট হাতে দেন। যেখানে মোস্তাফিজুর রহমানের নাম নেই। আছেন শরিফুল ইসলাম। শরিফুলের খেলার কথা ছিল না। কিন্তু ওয়ার্মআপ করতে গিয়ে মোস্তাফিজুর অস্বস্তিতে ভোগেন। এ কারণে শরিফুলকে তড়িঘরি করে নামানো হয়। ১৬ মাস পর ওয়ানডে খেলার সুযোগ হয় শরিফুলের। একাদশে ফিরেই বাজিমাত। ১০ ওভারে ২ মেডেন নিয়ে ২৭ রানে ২টি উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন তিনি।পূর্ব নির্ধারিত একাদশে সেদিন বাংলাদেশের পেস আক্রমণে ছিলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। কিন্তু আচমকা একাদশে ঢুকে শরিফুল সবার নজর কেড়ে নেন।

মোস্তাফিজুর গতকাল দলের অনুশীলনে বোলিং করেছেন। পুরোদমেই তাকে বোলিং করতে দেখা গেছে। স্বল্প রান আপে বোলিং করেছেন। তেমন জোর অবশ‌্য ছিল না। শরিফুল জানিয়েছেন, মোস্তাফিজুর এখন সুস্থ, ফিট। তবে খেলবেন কিনা নিশ্চিত নন। নিশ্চিত নয় শরিফুলের জায়গাও। তবে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি যেভাবে গড়ে উঠেছে দেখা যায়, প্রথম ম‌্যাচে ভালো করলে তাকে পরের ম‌্যাচে আবার খেলানো হয়। সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান যদি আজ খেলার অবস্থায় থাকে শরিফুলকেও টিম ম‌্যানেজমেন্ট একাদশে রাখতে পারে। তবে কোনো কারণে শরিফুল যদি বাদ পড়েন তাহলে হতাশ হবেন না বলেই জানালেন। তার ভাষ‌্য, “এখানে হতাশার কিছু নেই। যারা খেলছে, সবাই ভালো করছে এবং যারা স্কোয়াডের বাইরে আছে, তারাও ভালো ক্রিকেটার। একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা আছে। আমাদের ক্রিকেটের জন্য ভালো যে, মুস্তাফিজ ভাইয়ের বদলে আমি এলাম…এরকম কোনো ক্রিকেটার ইনজুরড হলে বা স্কোয়াডের বাইরে চলে গেলে নতুন কেউ এসে যাতে ভালো করতে পারে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো।”

এদিকে উইকেট বিবেচনায় পেস আক্রমণে পরিবর্তন আনতেও পারে টিম ম‌্যানেজমেন্ট। প্রথম ম‌্যাচের উইকেটে ঘাস থাকলেও বোলাররা তেমন গতি পায়নি। উইকেট ছিল অসমান বাউন্সের। কখনো লাফিয়ে উঠেছে। কখনো নিচে নেমেছে। সময়ের সাথে সাথে হয়েছে ধীর গতির। যেই উইকেট মোটেও আদর্শ নয় নাহিদ রানার। দ্রুত গতির এই বোলার উইকেট থেকে বাউন্স আদায় করে নিতে পারেন। কিন্তু এমন অসমান বাউন্সের উইকেট তার জন‌্য কঠিন। এমন উইকেট আবার মোস্তাফিজুরের জন‌্য আদর্শ। তার স্লোয়ার ও কাটার বেশ ধরে এমন উইকেটে। সেক্ষেত্রে উইকেট যদি একই রকম থাকে তাহলে নাহিদ রানাকে একাদশের বাইরে রাখতে পারে টিম ম‌্যানেজমেন্ট।