অর্থনীতি

একমি পেস্টিসাইডসের নিরীক্ষকের দায় নিরূপণের নির্দেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ‘একমি পেস্টিসাইডস লিমিটেড’-এর আইপিও-পূর্ব (প্রি-আইপিও) আর্থিক প্রতিবেদনে বড় ধরনের স্বচ্ছতাহীনতার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে এবং তৎকালীন নিরীক্ষক প্রতিষ্ঠানের দায় নিরূপণে তিন সদস্যের একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

বিএসইসির উপ-পরিচালক আসিফ ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক তন্ময় কুমার ঘোষ এবং বিনয় দাস।

বিএসইসি সূত্রে জানা গেছে, ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে একমি পেস্টিসাইডসের আর্থিক প্রতিবেদনে প্রকৃত তথ্যের সঠিক প্রতিফলন ছিল না। তৎকালীন নিরীক্ষা প্রতিষ্ঠান ‘সিরাজ খান বসাক অ্যান্ড কোং’ ওই প্রতিবেদনে বিদ্যমান অসঙ্গতিগুলো চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে অথবা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে। কমিশন মনে করছে, নিরীক্ষিত প্রতিবেদনে ‘ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ’ না থাকা সত্ত্বেও নিরীক্ষক প্রতিষ্ঠান তা উল্লেখ না করে পেশাগত অবহেলা বা তথ্য গোপনের আশ্রয় নিয়েছে।

গঠিত কমিটি মূলত প্রি-আইপিও সময়কালে নিরীক্ষার ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কি-না এবং বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে কোনো তথ্য উপস্থাপন করা হয়েছে কি-না, তা খতিয়ে দেখবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এবং বিএসইসি আইন ১৯৯৩-এর ক্ষমতাবলে এই তদন্ত পরিচালিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, আইপিও’র আগে আর্থিক প্রতিবেদনে কারসাজি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে ফেলে। নিরীক্ষক প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে জালিয়াতি কমবে এবং বাজারে স্বচ্ছতা ফিরবে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে একমি পেস্টিসাইডস মাত্র ০.০১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির আর্থিক অবস্থা বর্তমানে নাজুক; সর্বশেষ বছরে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১.১৪ টাকা, যা আগের বছর ছিল ০.৭৬ টাকা। ১৩৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪১.১৭ শতাংশ শেয়ার। গত ১৯ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫.৫০ টাকায় লেনদেন হয়েছে।