রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যর্থ হয়েছে। তিনি সতর্ক করে আরো বলেছেন যে, আলোচনার টেবিলেও ওয়াশিংটনের অবস্থা এর চেয়ে ভালো হবে না। খবর আল-জাজিরার।
সোমবার (২০ এপ্রিল) রুশ সংবাদমাধ্যম ভেদোমোস্তি-তে প্রকাশিত সাক্ষাৎকারে জালালি বলেন, “তারা (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) দাবি করেছিল যে, কয়েক দিনের মধ্যে তারা পুরো ইরান দখল করে নেবে এবং শাসনব্যবস্থার পরিবর্তন ঘটাবে। প্রশ্ন হলো: তারা তাদের কোন লক্ষ্যটিতে সফল হয়েছে? একটিতেও না। ইরান বিরোধী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব আক্রমণ ব্যর্থ হয়েছে।”
তিনি উল্লেখ করেন, সংঘাতের সময়কাল জুড়ে মার্কিন দাবিগুলো নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। তার মতে, “প্রথমে তারা শাসনব্যবস্থার পরিবর্তন চেয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে তারা কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানায়। সেখানেও তারা ব্যর্থ হয়। আর তিনি (ট্রাম্প) যে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছেন তার কোনো মানে হয় না, কারণ পরবর্তী পদক্ষেপের জন্য আমাদের ইস্পাতকঠিন সংকল্প রয়েছে।”
জালালি বলেন, এই যুদ্ধ মূলত ইরানের মনোবলকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করেছে।
তিনি আরো জানান, আগে যুক্তরাষ্ট্র ইরানের একটি ১০-দফা পরিকল্পনার ব্যাপারে একমত হলেও পরে তা থেকে সরে যায়। রাষ্ট্রদূত বলেন, “ট্রাম্প যুদ্ধের সময় যা অর্জন করতে পারেননি, আলোচনার মাধ্যমে তিনি আর তা অর্জন করতে পারবেন না। আলোচনার অর্থ হলো- উভয় পক্ষকে একটি উইন-উইন অবস্থানের ভিত্তিতে একটি ন্যায্য সমঝোতায় পৌঁছাতে হবে।”