জাতীয়

সংসদের কেনাকাটায় হরিলুটের অভিযোগ, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুট’ এর অভিযোগ উঠছে। বিষয়টি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব ধরনের বিল পরিশোধও স্থগিত রাখা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে সংসদের ক্রয়কার্য নিয়ে প্রকাশিত প্রতিবেদনে গুরুতর অভিযোগ উঠে এসেছে, যা কর্তৃপক্ষের নজরে এসেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে দ্রুত একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

সচিবালয় সূত্র জানায়, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত আলোচিত কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না। প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও নথিপত্রও পর্যালোচনা করা হবে।

এদিকে, অভিযোগের বিষয়টি সামনে আসার পর সংসদ সচিবালয়ের ভেতরে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। সংশ্লিষ্টদের মধ্যে বাড়ছে সতর্কতা, পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিতের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। 

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।