দেশে হামের কারণে এখনো জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে অতীত সরকারগুলোর ব্যর্থতার কারণেই বর্তমান এই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বর্তমান পরিস্থিতিকে মহামারি বলা যাবে না। হামে প্রথম শিশু মৃত্যুর পরপরই সরকার আইসিইউর ব্যবস্থা করেছে।”
তিনি অভিযোগ করেন, “অতীত সরকারগুলোর ব্যর্থতার কারণে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট সরকার সব খাতেই লুটপাট করেছে এবং স্বাস্থ্যখাতে কোনো টাকা রেখে যায়নি। আর কোনো ফ্যাসিস্টের জন্ম নিতে দেওয়া হবে না।”
শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, “বর্তমানে অনেক মা স্টাইল বা কর্মব্যস্ততার কারণে শিশুদের বুকের দুধ খাওয়ান না। এতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। যার ফলে হামের মতো রোগ ভয়াবহ আকার ধারণ করছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ছে।”
তিনি আরো জানান, আগামী বাজেটে রূপগঞ্জে ১০০ শয্যার একটি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় এ হাসপাতাল বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।