বিনোদন

‘ভূত বাংলা’ সিনেমার হালহকিকত কী?

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ঘরানার সিনেমা ‘ভূত বাংলা’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—রাজপাল যাদব, টাবু, ওয়ামিকা গাব্বি, যীশ সেনগুপ্ত। এটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। ‘ধুরন্ধর টু’ সিনেমার সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতা হওয়ার কারণে সিনেমাটির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। কয়েক দফা পেছানোর পর, সব সংশয় কাটিয়ে গত ১৭ এপ্রিল, প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। 

মুক্তির আগেই প্রচারে নামেন সিনেমা সংশ্লিষ্টরা। ধারাবাহিকভাবে বিভিন্ন মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমারসহ অন্যান্যি শিল্পীরাও। মুক্তির পর বক্স অফিস আয় ওঠানামা করছে। দর্শকরাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। চলুন জেনে নিই, ‘ভূত বাংলা’ সিনেমার হালহকিকত— 

সমালোচকদের প্রতিক্রিয়া এনডিটিভির রাধিকা শর্মা সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন ২। তিনি বলেন, “ভূত বাংলা’ সিনেমা একটি উদাহরণ হওয়া উচিত। আপনি যদি নস্টালজিয়া বিক্রি করতে চান, তাহলে অন্তত সেই দর্শকদের সম্মান করুন; যারা এখন বড় হয়ে গেছে। একটি জরাজীর্ণ গল্পের কাঠামোর পরিবর্তে তাদের আঁকড়ে ধরার মতো কিছু দিন, যা নস্টালজিয়ার ভিত্তিতে নিজের পায়ে দাঁড়াতে পারে না।” 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের শুভ্রা গুপ্তা সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন ১.৫। তিনি বলেন, “গুরুত্বপূর্ণ কয়েকটি ভুল সিনেমাটিকে ঘুরে দাঁড়াতে দেয়নি। অক্ষয়ের বয়সটা স্পষ্ট বোঝা যায়। একসময় অত্যন্ত ফিট থাকা অক্ষয় এখন ফ্রেমে থাকা অন্য সবার চেয়ে স্পষ্টতই বেশি বয়স্ক। সেনগুপ্তর (যীশ সেনগুপ্ত) চুলে অনেকটা ধূসর রং ব্যবহার করা হয়ছে; যা দেখে তাকে কোনোভাবেই অক্ষয়ের বাবা মনে হয়নি। আর সবচেয়ে খারাপ হলো গাব্বির অস্বস্তিকর রোমান্টিক ট্র্যাক, যেখানে সবকিছুই জোর করে দেখানোর চেষ্টা করা হয়েছে। 

বক্স অফিসের হালহকিকত স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ভূত বাংলা’ সিনেমা ৩ দিনে ভারতে আয় করেছে ৫৮ কোটি রুপি (নিট)। ৩ দিনে বিদেশে আয় করেছে ২৬.৫০ কোটি রুপি। সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯৫.৮৭ কোটি রুপি (গ্রস); যা বাংলাদেশি মুদ্রায় ১২৭ কোটি ১৬ লাখ টাকা।   

বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘ভূত বাংলা’ ভারতে আয় করেছে ১১.৭৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করে ১৮.৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ২২.২৫ কোটি রুপি (নিট)। যার মোট নিট আয় দাঁড়ায় ৫২.৫ কোটি রুপি। ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯৫ কোটি রুপি (গ্রস); যা বাংলাদেশি মুদ্রায় ১২৬ কোটি ১ লাখ টাকা।   

বাজেট সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—টাবু, মিথিলা পালকার, রাজেশ শর্মা, মনোজ যোশী প্রমুখ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন অক্ষয় কুমার। তাছাড়াও প্রযোজক হিসেবে রয়েছেন একতা কাপুর, শোভা কাপুর। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১২০ কোটি রুপি।