নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আক্তারুজ্জামান নামে এক স্কুলশিক্ষক আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) উপজেলার কাঁঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লাবলু হোসেন একই ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাবলু হোসেন শিক্ষক আক্তারুজ্জামানকে অটোভ্যানে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। বসুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই লাবলু হোসেনের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা শিক্ষক আক্তারুজ্জামান আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, “বজ্রপাতে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”