বিনোদন

ফের বাবা-মা হলেন পরিচালক-নায়িকা

ভারতের দক্ষিণী সিনেমার তারকা পরিচালক অ্যাটলি কুমার। ব্যক্তিগত জীবনে তামিল-মালায়ালাম সিনেমার অভিনেত্রী প্রিয়া মোহনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। ২০২৩ সালে অর্থাৎ বিয়ের ৮ বছর পর বাবা-মা হন এই তারকা জুটি। ফের বাবা-মা হলেন তারা। এটি তাদের দ্বিতীয় সন্তান।   

সোমবার (২০ এপ্রিল) বাবা হওয়ার আনন্দের খবরটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন অ্যাটলি কুমার। ‘বিগিলি’খ্যাত এই পরিচালক আবেগঘন একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একটি ছোট ছেলে ভাই হওয়ার আনন্দ উদযাপন করছেন। ছবির ওপরে লেখা—“হুররে! আমার একটি ছোট বোন হয়েছে। বড় ভাই মীর।” ছবিটির নিচের অংশে লেখা, “আমরা (প্রিয়া ও অ্যাটলি) আশীর্বাদ হিসেবে কন্যাসন্তান পেয়েছি। ২০ এপ্রিল, ২০২৬।” এ পোস্টের ক্যাপশনে অ্যাটলি লেখেন—“আমরা আশীর্বাদপুষ্ট।”

পোস্টটি দেওয়ার পর থেকে নেটিজেনদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন তারকা যুগল। পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন—রাশমিকা মান্দানা, প্রিয়াঙ্কা চোপড়া, সামান্থা রুথ প্রভু, অনন্যা পান্ডে প্রমুখ।   

২০১৪ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়া-অ্যাটলি। বিয়ের আট বছর পর প্রথম সন্তানের (পুত্র) বাবা-মা হন অ্যাটলি-প্রিয়া। 

২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে অ্যাটলির। নির্মাণ ক্যারিয়ারে ১০টি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’, ‘জওয়ান’ প্রভৃতি। 

অ্যাটলির হাতে বর্তমানে ‘রাকা’ সিনেমার কাজ রয়েছে। আল্লু অর্জুন অভিনীত এ সিনেমার ফার্স্ট লুক কয়েক দিন আগে মুক্তি পেয়েছে। তারপর থেকে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি।