সারা বাংলা

তেলের জন্য ৪ ঘণ্টা লাইনে, বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যু

নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। লাভলী বেগম সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে শহরের মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান লাভলী। তীব্র গরমের মধ্যে প্রায় ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। দুপুর ১২টার দিকে তিন লিটার ডিজেল পান তিনি।

ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লাভলী বেগমের ভাই নাজমুল ইসলাম বলেন, “বোরো ধানে সেচ দেওয়ার জন্য সকাল ৮টার দিকে ডিজেল আনতে পাম্পে যায় আমার বোন। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।”

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস বলেন,“মৃত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়।”

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, “পাম্প থেকে ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।”