অর্থনীতি

এক মাসে দুই বার বাড়ল এলপিজির দাম, মানুষের ক্ষোভ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে এক মাসে দুই বার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজির) দাম বাড়িয়েছে সরকার। দাম বাড়লেও এলপিজি সংকট কাটেনি। সরকার নির্ধারিত দামেও বাজারে মিলছে না গ্যাস। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর, নিউ মার্কেট ও কারওয়ান বাজারসহ গুরুত্বপূর্ণ বাজারে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন বাজারে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা।

রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে এলপিজি সিলিন্ডার কিনতে এসেছেন গৃহিণী রুবি আক্তার। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “মাসের শুরুতে একবার দাম বেড়েছে, আজ আবার বেড়েছে গ্যাসের দাম। আমাদের তো বেতন মাসে দুইবার বাড়ে না, তাহলে গ্যাসের দাম কেন বারবার বাড়বে? এখন মনে হয়, রান্না ছেড়ে দিয়ে একবেলা উপোস থাকতে হবে।”

নিউ মার্কেটে এলপিজি সিলিন্ডার নিতে এসেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “পড়াশোনার জন্য আমাদের বাড়ি থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠানো হয়। এরকম এক মাসে দুই বার গ্যাসের দাম বাড়লে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে।”

কারওয়ান বাজারের এলপিজি সিলিন্ডার নিতে এসেছেন বেসরকারি চাকরিজীবী মো. জুয়েল সিকদার। তিনি এ প্রতিবেদককে বলেন, “ঢাকায় এখন জীবনযাপন করা কঠিন হয়ে পড়ছে। আমাদের মতো বেসরকারি চাকরিজীবীরা বাসাভাড়া দেওয়ার পর অন্যান্য খরচ মিটাতে হিমশিম খাচ্ছি। এর মধ্যে এক মাসে দুই বার গ্যাসের দাম বেড়েছে। আমাদের তো বেতন বাড়ে না। এখন যা অবস্থা, ঢাকা ছাড়তে হবে।”

একই বাজারে এলপিজি সিলিন্ডারের খুচরা বিক্রেতা সোলেমান বেপারি রাইজিংবিডি ডটকমকে বলেন, “মানুষ মনে করে, দাম আমরা বাড়াচ্ছি। আসলে, কোম্পানি থেকে আমাদেরকেই বেশি দামে কিনতে হচ্ছে। সকাল-বিকেল কাস্টমারের গালি খাই। আগের চেয়ে বিক্রি অনেক কমে গেছে।”

নিউ মার্কেটের এলপিজি সিলিন্ডারের খুচরা বিক্রেতা আবু বকর বলেন, “আমার ব্যবসা জীবনে এলপিজির দাম এত বেশি দেখিনি। মানুষ এখন গ্যাস বাদ দিয়ে বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছে। আমাদের বিক্রি কমেছে। দাম বাড়ার পরও সরকার নির্ধারিত দামে গ্যাস দিতে পারছি না। কারণ, আমাদের হাতে আসতে আসতে খরচ বেশি পড়ে যায়।”

গতকাল রবিবার (১৯ এপ্রিল) এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এবার প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। ১২ কেজিতে দাম বাড়ল ২১২ টাকা।

বিইআরসি জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে জাহাজভাড়া বাড়ায় দাম সমন্বয় করা হয়েছে। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৬১ টাকা ৬৬ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।