খেলাধুলা

চট্টগ্রামে যুক্ত হচ্ছেন তানজিম 

নিউ জিল‌্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হচ্ছেন তানজিম হাসান সাকিব। ডানহাতি পেস বোলারকে তৃতীয় ওয়ানডের স্কোয়াডে নিয়েছেন নির্বাচকরা। 

সোমবার দ্বিতীয় ওয়ানডে জয়ের পর নির্বাচকরা তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা করেছেন। চট্টগ্রামে আগামী ২৩ এপ্রিল হবে তৃতীয় ওয়ানডে। সিরিজে এখন ১-১ এ সমতা। শেষ ম‌্যাচে হবে সিরিজের ফয়সালা। 

স্কোয়াড থেকে কাউকে বাদ দেননি নির্বাচকরা। তানজিম নতুন করে যুক্ত করেছেন। 

গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন তানজিম। চোটেও ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার খেলা হয়নি। এবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে তাকে স্কোয়াডে ফেরানো হলো। ১৫ ওয়ানডে খেলা তানজিম উইকেট পেয়েছেন ২৪টি। 

বাংলাদেশ স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব ও নাহিদ রানা।