সারা বাংলা

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮২ হাজার 

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৪২০ জন। সে হিসেবে এ বছর পরীক্ষার্থী কমেছে ৫৬৬ জন। 

দিনাজপুর শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এটি ১৮তম এসএসসি পরীক্ষা। ২০০৯ সালে প্রথমবারের মতো এই বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হবে এবং আগামী ২০ মে শেষ হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৮৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। তাদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৩৭ হাজার ২৮৬ জন, অনিয়মিত ৪৪ হাজার ৫৬৮ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১৯০ জন। 

বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৭১ জন। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৮৩১ ও ছাত্রী ৪৬ হাজার ৮৪০ জন। মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ৮০ হাজার ২০৮ জন।  ছাত্র ৩৮ হাজার ৫০৪ ও ছাত্রী ৪১ হাজার ৭০৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জনের মধ্যে ছাত্র ১ হাজার ৩৫৭ জন এবং ছাত্রী ৬১৮ জন।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্র সচিবের কক্ষ থেকে প্রতিটি কক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরো জানান, কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষক বা পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। 

পরীক্ষা চলাকালীন শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে, যারা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কেন্দ্রে ঝটিকা অভিযান পরিচালনা করবে।

প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট বাহিনী দায়িত্ব পালন করবে।