সারা বাংলা

সিলেট বিভাগে এসএসসি পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রী বেশি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। যা চলবে ২০ মে পর্যন্ত। আগামী ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সিলেট বিভাগজুড়ে ৮৯ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৬৫০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৯৯৩ জন। মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সর্বাধিক ৫৮ হাজার ১৯৯ জন। মানবিক বিভাগে ছাত্র ২৩ হাজার ৮৮ জন এবং ছাত্রী ৩৫ হাজার ১১১ জন।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী রয়েছে ২৫ হাজার ১৯১ জন। তাদের মধ্যে ৯ হাজার ৫১০ জন ছাত্র এবং ১৫ হাজার ৬৮১ জন ছাত্রী। ব্যবসায় শিক্ষাবিভাগে পরীক্ষার্থী ৬ হাজার ২৫৩ জন। ছাত্র ৩ হাজার ৫২ জন এবং ছাত্রী ৩ হাজার ২০১ জন।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলায় সবচেয়ে বেশি ৩৫ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মৌলভীবাজারে ১৯ হাজার ৯৪৮ জন, সুনামগঞ্জে ১৮ হাজার ৪২২ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৮১৮ জন পরীক্ষার্থী রয়েছে।

এবার সিলেট বিভাগে মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এর মধ্যে সিলেট জেলায় ৯৪টি, সুনামগঞ্জে ৪৫টি, হবিগঞ্জে ৪৯টি এবং মৌলভীবাজারে ৩৭টি কেন্দ্র রয়েছে।

সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডেরে চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, মোবাইল ফোনসহ নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনারও আহ্বান জানানো হয়েছে।