ক্যাম্পাস

খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ঝুলন্ত অবস্থায় উৎস রায় নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উৎস রায় দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে। তিনি নগরীর নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিরালা আবাসিক এলাকার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর বাড়ির ষষ্ঠ তলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গত কয়েকদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন। ওই হতাশা থেকেই সোমবার রাতে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।