সারা বাংলা

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাত জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুই নারী আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৩টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আসিফ রানা নাঈম, মো. গোলাম হোসেন,  মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহম্মেদ ওরফে বাবু,  মো. ইউনুছ আলী, শামছুল হক। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মোছা. খালেদা আক্তার ও  মোছ. রেহেনা খাতুন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এবং দুই নারীকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থ অনাদায়ে দুই নারীকে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মোস্তাছিনুর রহমান রায়ের এ তথ্য জানান। তিনি বলেন, আদালতে সকল আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

‎মামলার বিবরণে জানা গেছে, তারাকান্দা উপজেলায় ২০২১ সালের  ৩১ মে রাতে নিখোঁজ হয় শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল (১৯)। ৬ জুন পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে ইকবালের লাশ উদ্ধার করে পুলিশ।

মামলার আসামি আব্দুল হেলিম, খালেদা আক্তার স্বীকারোক্তিতে অন্য আসামিদের নাম উঠে আসে।‎

মামলার বাদী ও নিহতের বড় ভাই মো. সেলিম মিয়া রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি অবিলম্বে এই রায়ের কার্যকর করার দাবি জানান।