ময়মনসিংসহ দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার (২১ এপ্রিল) ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে ময়মনসিংহে ১৮ মাস বয়সী শিশুসহ এক নারী, কিশোরগঞ্জে দুই মাছ ব্যবসায়ী এবং ঝিনাইদহে মোটরসাইকেল আরোহী দুইজন মারা গেছেন।
আমাদের নিজস্ব প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: ময়মনসিংহের শম্ভুগঞ্জে লড়ির সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে ১৮ মাস বয়সী শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্রাক স্কুলের সামনে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রী নিয়ে মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোণার দিকে যাচ্ছিল। শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্রাক স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি লড়ি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাহিন্দ্রার যাত্রী শিশু ও এক নারীর মৃত্যু হয়। স্থানীয়রা আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহত ছেলে শিশুটির বয়স ১৮ মাস। মারা যাওয়া শিশুর মায়ের একটি হাত ভেঙে গেছে। নিহত নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। তার আনুমানিক ৪৫ বছর।”
কিশোরগঞ্জ: ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাঝামাঝি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মাছ ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। পুলিশ ঘাতক ট্রাক ও সেটির চালককে আটক করেছে। মঙ্গলবার বিকেলে তারা দুর্ঘটনার শিকার হন।
নিহতরা হলেন- ভৈরব পৌর শহরের পলতাকান্দা এলাকার মৃত কালাম মিয়ার ছেলে মো. মোমেন (৩৮) ও চন্ডিবের এলাকার দুলাল মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৪০)। আহত নিপু (৩৬) ভৈরবপুর এলাকার সেলিম মিয়া ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন মাছ ব্যবসায়ী বিকেলের দিকে একটি মোটরসাইকেলে ভৈরব থেকে আশুগঞ্জ যাচ্ছিলেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাঝখানে পৌঁছলে পেছন থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আরোহী তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যার দিকে মোমেন ও আবদুল্লাহ মারা যান। আহত নিপু বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালক পারভেজকে আটক করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মোমেন ও আবদুল্লাহ মারা যান। আহত নিপু হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঝিনাইদহ: ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত আরিফ সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সোহান একই গ্রামের শিপন আহমেদের ছেলে।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, আরিফ ও সোহান মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিল। ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় মাহিন্দ্রার ধাক্কায় তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান।