ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হবে আজ।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টা থেকে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হবে। আজ ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী চলবে এই বাছাই কার্যক্রম।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মনির হোসেন রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রথম দিন জামায়ত জোটের ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। আগামীকালও এ কার্যক্রম চলবে।”
এর আগে গতকাল নির্বাচন কমিশনের সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে এবং পরদিন ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ইসির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী নিজে এবং তাদের প্রস্তাবক ও সমর্থকগণ উপস্থিত থাকতে পারবেন।
মনোনয়ন জমার শেষ দিনে গতকার জামায়াত জোট মনোনীত ১৩ জন নারী প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।