আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাবে ইরানের রহস্যময় নীরবতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এ বিষয়ে রহস্যময় নীরবতা পালন করছে তেহরান। ট্রাম্প ইরানের ওপর নৌ অবরোধ জারি রাখারও নির্দেশ দিয়েছেন। তবে তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের এই নীরবতাকে নিছক উদাসীনতা নয় বরং অত্যন্ত সতর্ক অবস্থান হিসেবে মূল্যায়ন করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

তেহরানের উচ্চপদস্থ সূত্রগুলোর তথ্যমতে, তারা শুধু বর্তমান যুদ্ধবিরতি নিয়ে ভাবছে না বরং পুরো পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই নীরবতার মূলে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি চরম অবিশ্বাস। ইরানের দাবি, বিগত বছরগুলোর আলোচনা এবং চুক্তির শর্ত পালনে যুক্তরাষ্ট্র বারবার ব্যর্থ হয়েছে। ফলে ওয়াশিংটন যদি বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারে, তাহলেই নতুন কোনো আলোচনা বা সমঝোতার পথে হাঁটবে তেহরান। 

এছাড়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও ইরানের প্রধান উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপ। তেহরান আগেই স্পষ্টভাবে জানিয়েছে যে, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের অবরোধ সৃষ্টি করাকে তারা সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ এবং ‘জলদস্যুতা’ হিসেবে গণ্য করবে। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন।

ইরানের সামরিক সদরদপ্তর ‘খাতাম আল-আম্বিয়া’র সর্বশেষ বিবৃতি অনুযায়ী, ইরানি বাহিনী যেকোনো ধরনের পরিস্থিতির মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

বিশ্লেষকদের মতে, প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও ইরান সমান্তরালভাবে সম্ভাব্য আলোচনা এবং সংঘাত উভয় পরিস্থিতির জন্যই অভ্যন্তরীণ ও সামরিক প্রস্তুতি নিচ্ছে।