জাতীয়

‘গণমাধ্যমে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সুসংহত রোডম্যাপ প্রয়োজন’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট খাতে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সুসংহত রোডম্যাপ প্রয়োজন। আর এ লক্ষ্যে ইউনেস্কোর সহযোগিতা পেলে তা বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যম উন্নয়ন, নীতিমালা প্রণয়ন এবং সক্ষমতা বৃদ্ধির মতো বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।” 

সাক্ষাৎকালে ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, গণমাধ্যম উন্নয়ন, নীতিমালা সহায়তা এবং ভুলতথ্য প্রতিরোধে ইউনেস্কো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি উল্লেখযোগ্য।

তথ্যমন্ত্রী অপতথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম আরো বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন। ড. সুসান ভাইজ এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।