ক্যাম্পাস

শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি রাবি ছাত্রদলের

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত মিছিল শেষে সমাবেশে নেতারা বিভিন্ন বক্তব্য দেন। এর আগে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

সমাবেশে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “ছাত্রশিবির এতদিন ছাত্রলীগের আড়ালে ছিল, এখন তারা গুপ্তভাবে দেশে রাজনীতি করছে। বাংলাদেশে আবারো জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা সময়ের দাবি।” আবাসিক হল, লাইব্রেরি ও চায়ের স্টলে তাদের রাজনীতি বন্ধে আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবির তাদের সহিংস চরিত্র প্রকাশ করেছে।” সুষ্ঠু রাজনীতিতে ব্যত্যয় ঘটলে, অতীতের মতো তাদের গুপ্ত রাজনীতিতে ফিরে যেতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী বা বাংলাদেশপন্থি সংগঠনের ওপর হামলা হলে তা প্রতিহত করার কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় বিক্ষোভ মিছিলে ‘লড়াই, লড়াই, লড়াই চাই’, ‘জামায়াত-শিবির যেখানে, লড়াই হবে সেখানে’, ‘জামায়াত-শিবির রাজাকার, ক্যাম্পাস ছাড়’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হকের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর দেশে আর স্বৈরাচারের প্রত্যাবর্তন হবে না।” একাত্তরের যুদ্ধাপরাধীদের ক্ষমা করাই বড় ভুল ছিল এবং তাদের সংশ্লিষ্ট ছাত্রসংগঠনকে ক্যাম্পাস থেকে বিতাড়নের দাবি জানান তিনি।

ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফিক বলেন, “জামায়াত-শিবির ১৯৭১ নিয়ে কথা বলার অধিকার রাখে না। অতীতের সহিংস রাজনীতির পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে।” পাশাপাশি তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় প্রচারণা নিয়ে সতর্কতা অবলম্বনের কথাও বলেন।

শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, “দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াত-শিবির প্রভাব বিস্তার করছে।” চট্টগ্রাম সিটি কলেজের ঘটনাকে কেন্দ্র করে তিনি এর প্রতিবাদ জানান এবং গুপ্ত রাজনীতি বন্ধের আহ্বান জানান।

এ সময় বিক্ষোভ মিছিলে সহ-সভাপতি শেখ নূর উদ্দীন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এশাসহ বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।