জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে দলীয় টেন্ট থেকে কর্মসূচি শুরু হয়।
কর্মসূচি সম্পর্কে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক বলেন, “ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রতিবাদে এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে লাল রঙ দিয়ে দেয়াল লিখন করা হয়েছে।”
তিনি বলেন, “১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় যেমন দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ গড়ে উঠেছিল, তেমনি এখনো শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সোচ্চার। গুপ্ত রাজনীতি নিপাত যাক, বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাক।”
তিনি আরো বলেন, “ছাত্রদল চায় সব ক্রিয়াশীল ছাত্রসংগঠন তাদের নিজস্ব আদর্শ ও চিন্তাধারা প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করুক এবং ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখুক।” গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গুপ্ত রাজনীতি মেনে নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “শিবির ও জামায়াতের গোপন রাজনীতি বন্ধের দাবিতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।”
তিনি দাবি করেন, এসব সংগঠন দেশে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা চাইলে স্বচ্ছ ও উন্মুক্তভাবে রাজনীতি করতে পারে।
তিনি আরো বলেন, “যেসব ছাত্রসংগঠন শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের ক্যাম্পাসে স্থান দেওয়া হবে না। পাশাপাশি তিনি বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে শিবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন এবং মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন।”
প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে ‘গুপ্ত’ শব্দ লেখা ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদমূলক কর্মসূচি পালন করা হয়।