সারা বাংলা

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, গৃহবধূ নিহত

নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ চলাকালে সোমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সোমা একই গ্রামের মো. সাদ্দাম হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের নূরুল ইসলাম এবং শাহিনের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হন। সংঘর্ষে গুরুতর আহত সোমা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক সোমা আক্তারকে মৃত ঘোষণা করেন। 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।