বিনোদন

আমি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেও জমা দিইনি: দিলরুবা খান

সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে শোবিজ অঙ্গনের বেশ কজন তারকা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এ তালিকায় ছিলেন বরেণ্য সংগীতশিল্পী দিলরুবা খানও। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। তবে ৩৬ জনের এ তালিকায় তারকাদের কারো নাম নেই।

বুধবার (২২ এপ্রিল) বিকালে দিলরুবা খান বিষয়টি নিয়ে তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। শুরুতে মনোনয়নপ্রাপ্তদের অভিবাদন জানিয়ে তিনি বলেন, “আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, আপনারা যারা বিএনপি দলের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও আদর্শের স্বীকৃতি।”

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম ক্রয় করেছিলেন দিলরুবা খান। কিন্তু তা জমা দেননি। এ তথ্য স্মরণ করে এই শিল্পী বলেন, “আমিও গত ১১ এপ্রিল দলীয় ফর্ম সংগ্রহ করেছিলাম। কিন্তু গভীরভাবে ভেবে দেখেছি, যারা বছরের পর বছর রাজপথে থেকেছেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদেরই এই সম্মান প্রাপ্য। সেই বিশ্বাস থেকেই আমি মনোনয়ন জমা দিইনি। আমার এই সিদ্ধান্ত দলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই নেওয়া।” 

রাজপথে মিছিল না করলেও গান আর সুরের ভেতর দিয়ে বিএনপি-কে সমর্থন করেছেন দিলরুবা খান। তার মতে—“আমি একজন সাধারণ কণ্ঠশিল্পী। হয়তো রাজপথে মিছিল করিনি, কারাবাস বরণ করিনি। কিন্তু আমার কণ্ঠ, আমার গান এই ছিল দলের জন্য আমার সামর্থ্য অনুযায়ী অবদান। শব্দ আর সুরের ভেতর দিয়ে আমি সবসময় দলের আদর্শকে ধারণ করার চেষ্টা করেছি।”

২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোয়নয় চেয়েছিলেন দিলরুবা খান। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তার সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন। তা স্মরণ করে এই সংগীতশিল্পী বলেন, “২০০১ সালের নির্বাচনে জয়পুরহাট–২ আসন থেকে এমপি প্রার্থী হওয়ার ইচ্ছা নিয়ে মনোনয়ন চেয়েছিলাম বিএনপি থেকে। সেই সময়ে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া নিজে আমার সাক্ষাৎকার নিয়েছিলেন, সঙ্গে ছিলেন তৎকালীন স্থায়ী কমিটির সম্মানিত সদস্যরা।” 

সেই সাক্ষাৎকারে বেগম খালেদা জিয়া যা বলেছিলেন, সেসব কথা বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলার ইচ্ছা পোষণ করে দিলরুবা খান বলেন, “দেশনেত্রী সেদিন আমাকে যে কথাগুলো বলেছিলেন, তা আজও আমার মনের মধ্যে আছে। সেই কথাগুলো আমি সযত্নে ধারণ করে রেখেছি। কোনো একদিন যদি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, তখনই কেবল সেই কথাগুলো তার কাছেই ব্যক্ত করতে চাই।”

দলের প্রতি আনুগত্য প্রকাশ করে দিলরুবা খান বলেন, “দলকে ভালোবাসি, এ ভালোবাসা কোনো পদ-পদবীর উপর নির্ভরশীল নয়। সারাজীবন আদর্শের পাশে ছিলাম, থাকব ইনশাআল্লাহ। বিএনপি জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।”