বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়েও পাননি অভিনেত্রী রিনা খান। এরই মধ্যে শিল্পীদের মূল্যায়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি; যা নিয়ে শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
রিনা খান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “শিল্পীদের মূল্যায়ন না করলে সংস্কৃতি বলতে কিছু থাকবে কি? তাহলে শিল্পীরাও দল বদল করবে, তখন বলবে দুই নৌকায় পা দিয়েছে।”
তার এই বক্তব্য ঘিরে বিভিন্ন মহল থেকে নানা ব্যাখ্যা উঠে আসছে। অনেকেই মনে করছেন, মনোনয়ন না পাওয়ার হতাশা থেকেই এমন মন্তব্য করেছেন রিনা খান। যদিও নিজের পোস্টে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী।
জানা গেছে, বিএনপির নারী সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় ছিলেন রিনা খান। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি তিনি। কেবল রিনা খান নন, শোবিজ অঙ্গনের কোনো তারকাকেই মনোনয়ন দেয়নি বিএনপি।
এদিকে, রিনা খানের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ শিল্পীদের যথাযথ মূল্যায়নের প্রশ্নটিকে গুরুত্ব দিয়ে দেখছেন, আবার অনেকে এটিকে ব্যক্তিগত হতাশার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করছেন।
এ বিষয়ে রিনা খানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে তার সংক্ষিপ্ত এই পোস্ট নতুন করে শিল্পী ও রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনার দ্বার খুলে দিয়েছে।