বিনোদন

‘জন নায়াগান’ নিয়ে বিতর্ক, মুখ খুললেন বিজয়ের বাবা

গত ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল থালাপাতি বিজয় অভিনীত ‘জন নায়াগান’ সিনেমা। কিন্তু বিজয় ভক্তদের উচ্ছ্বাসে জল ঢেলে দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, পূর্ব নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। তারপর কেটে গেছে অনেকটা সময়। এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্রও মেলেনি। কেবল তাই নয়, কিছু দিন আগে সিনেমাটির এইচডি প্রিন্ট অন্তর্জালে ফাঁস হয়। এ নিয়ে আইনি পদক্ষেপও নিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। 

‘জন নায়াগান’ সিনেমা নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি ও অন্তর্জালে ফাঁস হওয়ার পর দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না বিজয়ের ভক্ত-অনুরাগীরা। তাদের দাবি—বিজয় রাজনীতিতে পা রাখার কারণে এই জটিলতায় পড়েছেন। এ নিয়ে বিজয় কিছু বলেননি। তবে কথা বলেছেন তার বাবা নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার এস. এ. চন্দ্রশেখর। 

আলাপচারিতার শুরুতে এস. এ. চন্দ্রশেখর বলেন, “এটা বলবেন না যে, আপনি সমস্যাগুলো আশাই করেননি। বিজয় যখন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়, তখন প্রযোজককে বিজয় বলেছিল, ‘আপনি এমন সময় সিনেমাটি বানাচ্ছেন, যখন আমি রাজনীতিতে পা রাখতে যাচ্ছি। আশা করি, আপনি জানেন—এই সিনেমা কী ধরনের বাধার মুখে পড়তে পারে।”

সিনেমাটি নিয়ে যে ধরনের সমস্যা তৈরি হয়েছে, তা অপ্রত্যাশিত নয় বলে মনে করেন এস. এ. চন্দ্রশেখর। তিনি বলেন, “বিজয় জানত বাধা আসবে। এজন্য বিষয়টি আগেই বলেছিল। সবই আগে থেকে অনুমান করা হয়েছিল। আমরা অবাক হইনি।”

‘জন নায়াগান’ সিনেমার পাইরেসি ইস্যু নিয়েও কথা বলেন এস. এ. চন্দ্রশেখর। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, “অপরাধী আগে হৃদয়ে আঘাত করে, তারপর আর্থিক দিকটাকে ভেঙে দেয়।” 

থালাপাতি বিজয়ের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সিনেমাটি ফাঁস হয়েছে। এ নিয়ে নানা জল্পনা চলছে, তা উল্লেখ করে এস. এ. চন্দ্রশেখর বলেন, “মানুষের এমনটা ভাবা স্বাভাবিক, তবে কোনো প্রমাণ ছাড়া বিষয়টি নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ করা উচিত নয়।”

‘জন নায়াগান’ সিনেমার মুক্তি আটকে যাওয়ার কোনো কারণ পরিষ্কারভাবে ব্যাখ্যা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) না পাওয়ার কারণে জটিলতা তৈরি হয়েছে। অতিরিক্ত সহিংসতা নিয়ে প্রথমে আপত্তি জানায় বোর্ডের সদস্যরা। কয়েকটি দৃশ্য কাটছাঁট করার নির্দেশ দেন। পরে তা সংশোধন করে জমা দেওয়া হয়।     

তবে শেষ মুহূর্তে বোর্ডের একজন সদস্য নতুন করে আরো কিছু আপত্তি তোলেন। এরমধ্যে প্রধান আপত্তি সিনেমাটির কয়েকটি দৃশ্যে প্রতিরক্ষা বাহিনীর প্রতীক ব্যবহার নিয়ে। এ বিষয়ে বোর্ডের মত, ব্যাখ্যা ও সরকারি অনুমোদন প্রয়োজন। বিষয়টি বিদ্যমান নির্দেশিকা লঙ্ঘন করছে কি না, তা নির্ধারণের জন্য বিশেষজ্ঞদের পর্যালোচনার জন্য পাঠানো হয়। 

সেন্সরের বিষয়টি আদালতেও গড়িয়েছে। প্রযোজকরা আদালতে দাখিল করা আবেদনে জানিয়েছেন, সহিংসতা সংক্রান্ত প্রাথমিক কাটছাঁটের পর ২০২৫ সালের ২২ ডিসেম্বর তাদের জানানো হয়েছিল যে, সিনেমাটি ইউ/এ সার্টিফিকেট পাবে। তবে নতুন আপত্তি আসায় বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা এবং প্রয়োজনীয় পরিবর্তন (যদি থাকে) না হওয়া পর্যন্ত চূড়ান্ত সার্টিফিকেশন স্থগিত রাখা হয়েছে।

‘তামিলাগা ভেটরি কাজাগম’ নামে রাজনৈতিক দল গঠন করেছেন বিজয়। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে দলটি। রাজনৈতিক কাজ পরিচালনার পাশাপাশি ‘জন নায়াগান’ সিনেমার শুটিং করেন বিজয়। এইচ. বিনোত পরিচালিত এই সিনেমায় বিজয়ের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে।  

বিজয়-পূজা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। জানা যায়, সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি।

*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে