জাতীয়

কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকেই কার্যকর

জ্বালানি তেলের দাম বাড়ার পাঁচ দিনের মাথায় গণপরিবহনের ভাড়াও বাড়াল সরকার। প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে নতুন বাস ভাড়া ঘোষণা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান তিনি।  

নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সা।  

সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হওয়া বৈঠকে বিআরটিএ, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।  

এর আগে, ভাড়া পুনর্নির্ধারণ কমিটি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল। বৈঠকে আলোচনার পর সেটি কমিয়ে ১১ পয়সা করা হয়।  

মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহানগরে বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সা, যা আগে ছিল ২ টাকা ১২ পয়সা। ডিটিসি এলাকায় ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। তবে, ন্যূনতম ভাড়া ৮ ও ১০ টাকা অপরিবর্তিত থাকছে।  

শেখ রবিউল আলম বলেন, “তেলের দাম ওঠা-নামার সঙ্গে ভাড়া সমন্বয়ের নির্দিষ্ট ফর্মুলা আছে। সেই অনুযায়ী এবার ভাড়া বাড়ানো হলো। তেলের দাম কমলে একই নিয়মে ভাড়াও কমবে।”  

মন্ত্রণালয় সূত্র জানায়, পরিবহন মালিক সমিতি শুরুতে কিলোমিটারে ২৮ পয়সা বাড়ানোর দাবি করেছিল। আলোচনার পর সেটি কমিয়ে ১১ পয়সা নির্ধারণ করা হয়। নতুন এই হার শুধু ডিজেলচালিত বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য।  

বিআরটিএ দ্রুত প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত নির্দেশনা দেবে বলে জানান মন্ত্রী। তিনি আশা করেন, নির্ধারিত ভাড়া মানতে পরিবহন মালিক-শ্রমিকেরা দায়িত্বশীল হবেন এবং যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে না।  

গত ১৮ এপ্রিল সরকার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা ও কেরোসিনে ১৮ টাকা দাম বাড়ায়। নতুন দাম কার্যকর হয় ১৯ এপ্রিল মধ্যরাত থেকে। এরপর থেকেই ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন পরিবহন মালিকেরা। সর্বশেষ ২০২২ সালে বাসভাড়া সমন্বয় করা হয়েছিল।