দেশের সামুদ্রিক খাতে দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের পাসিং আউট (সমাপনী) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, “দেশের সামুদ্রিক খাতে দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সদ্য উত্তীর্ণ শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে দেশের সুনাম বৃদ্ধিতে অবদান রাখতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সমুদ্রের বিশালতা যেমন রোমাঞ্চকর, তেমনি এর দায়িত্বও অত্যন্ত বড়। তোমরা যখন বিদেশি জাহাজে কর্মরত থাকবে, তখন শুধু নাবিক নও- প্রতিজনই হবে বাংলাদেশের একজন দূত। তোমাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের ওপর নির্ভর করবে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি। আমি আশা করি, তোমরা দেশপ্রেম হৃদয়ে ধারণ করে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলীম মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সামুদ্রিক খাত দ্রুত প্রসারিত হচ্ছে। এ খাতে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে দক্ষ, প্রশিক্ষিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল গড়ে তোলার কোনো বিকল্প নেই। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীরা নৌ-প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং ব্যবহারিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। সফলভাবে কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।
এ বছর প্রশিক্ষণার্থীরা নির্ধারিত পাঠক্রমের পাশাপাশি বাস্তবমুখী পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করে দক্ষ নাবিক হিসেবে নিজেদের গড়ে তুলেছে বলে জানানো হয়। তারা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে কর্মসংস্থানের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।