সারা বাংলা

ট্রলি থেকে পড়ে প্রাণ গেল শিশুর

মেহেরপুরের গাংনীতে ট্রলি থেকে পড়ে রেহান ইসলাম (৬) নামে এক শিশু  নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার কসবা গ্রামের মাদ্রাসা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। রেহান উপজেলার কসবা গ্রামের সাগর আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহাজ উদ্দিন বলেন, রেহান ট্রলির ওপরে বসে খেলা করছিল। ট্রলিচালক ট্রলিটি ঘোরাতে গেলে অসাবধানতাবশত রেহান ট্রলি থেকে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামিয়া সুলতানা বলেন, রেহানকে যখন হাসপাতালে আনা হয়—তখন তার নাক, কান ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।