পুনরায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যাওয়ার সুযোগ ছিল মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। কিন্তু তাদেরকে এবার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত পিএসএলে খেলার অনুমতি ছিল মোস্তাফিজুরের। কিন্তু তার অনাপত্তিপত্র বাতিল করা হয়েছে। এছাড়া নাহিদ রানাও খেলার জন্য আবেদন করেছিলেন। কিন্তু মে মাসের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট আছে। বাড়তি সতর্কতা ও প্রস্তুতির অংশ হিসেবে তাকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি বিসিবি।
মোস্তাফিজুর নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে একাদশে ছিলেন না। হাঁটুতে খানিকটা চোট অনুভব করায় তাকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। শেষ ওয়ানডেতে একাদশে ফিরে ৭ বছর পর ৫ উইকেটের স্বাদ পেয়েছেন। দলকে সিরিজ জেতাতে রেখেছেন বড় ভূমিকা। নাহিদ রানা সিরিজের তিন ম্যাচেই খেলেছেন। প্রতি ম্যাচে পেয়েছেন উইকেট। প্রথম ম্যাচে ১টি, পরের ম্যাচে ৫টি। সবশেষ ম্যাচে ২টি। ৮ উইকেট নিয়ে তিনি হয়েছেন সিরিজ সেরা। পাকিস্তানের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক তিনি।
মোস্তাফিজুরকে নিয়ে বিসিবি জানিয়েছে, ‘‘মোস্তাফিজুরের শারীরিক অবস্থা দলের মেডিকেল স্টাফ পর্যালোচনা করেছে। তার অবস্থা আরও ভালোভাবে নির্ণয়ের জন্য তাকে দ্রুত একটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে একটি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে। এই পরিস্থিতিতে বোর্ড মোস্তাফিজুর রহমানকে পূর্বে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট প্রত্যাহার করেছে। ফলে পিএসএল ২০২৬-এর বাকি অংশে অংশগ্রহণ করতে পারবেন না।’’
নাহিদ রানাকে নিয়ে বিসিবির ব্যাখ্যা, ‘‘নাহিদ রানাকে পিএসএলে খেলার জন্য ছাড়পত্র দেওয়া হবে না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে তিনি আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পান।’’
পিএসএলে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুরকে দলে নেয় লাহোর কালান্দার্স। ৫ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। নাহিদ পেশোয়ার জালমির হয়ে ৫ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন ৫.৪২ ইকোনমিতে। তার দল আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।