বিনোদন

মুম্বাইয়ে কত টাকায় বাড়ি ভাড়া নিলেন আল্লু অর্জুন?

গুঞ্জন উড়ছে, মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা করেছেন তেলুগু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, কাজের ব্যস্ততার কারণে মুম্বাই শহরটিতে নতুন করে বাসস্থান গড়ে তুলতে পারেন ‘পুষ্পা’ তারকা। এ নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন এ নায়কের বাবা প্রযোজক আল্লু অরবিন্দ এসব গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন।

আল্লু অরবিন্দ বলেন, “তার (আল্লু অর্জুন) বর্তমান সিনেমার শুটিং মুম্বাইয়ে চলছে, তাই অনেকে এমনটা মনে করছেন। কিন্তু হায়দরাবাদই আল্লুর হৃদয়-বাড়ি। তার সন্তানেরা সেখানে পড়াশোনা করে এবং তার সব প্রিয়জনরাও হায়দরাবাদেই থাকেন। তাহলে আল্লু অর্জুন কেন মুম্বাইয়ে চলে যাবে?”

তবে কি আল্লু অর্জুনের মুম্বাইয়ে পাড়ি জমানোর খবরটি পুরোপুরি মিথ্যা? এ প্রশ্নের উত্তর হলো—“না, এটা পুরোপুরি ঠিক না।” কারণে ‘রাকা’ সিনেমার শুটিংয়ের জন্য অস্থায়ীভাবে মুম্বাইয়ে বসবাস করবেন এই তারকা অভিনেতা। এরই মধ্যে অ্যাপার্টমেন্ট ভাড়াও নিয়েছেন। কিন্তু জানেন কি আল্লু অর্জুন হায়দরাবাদে যে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তার ভাড়া কত টাকা?   

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, আল্লু অর্জুন স্থায়ীভাবে মুম্বাইয়ে যাওয়ার পরিকল্পনা করছেন না। তবে সিনেমার শুটিংয়ের কারণে সেখানে তাকে কিছু সময় থাকতে হবে। এজন্য জুহু এলাকায় পাঁচ বেডরুমের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। অ্যাপার্টমেন্টটি সমুদ্রমুখী। এর আয়তন ৬ হাজার বর্গফুট। 

এতে ব্যক্তিগত একটি প্লাঞ্জ পুল, চারটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এ অ্যাপার্টমেন্টের ভাড়া ১৬ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৯৩ হাজার টাকা)। ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক ভাড়া নিয়েছেন আল্লু অর্জুন। বাসাটি আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডির তত্ত্বাবধানে সাজানো হয়েছে, যাতে শান্ত ও সবুজ পরিবেশ তৈরি করা যায়। স্কুলের ছুটির সময় তাদের সন্তান আয়ান, আরহা তার সঙ্গে মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে থাকবে।

আল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমা পরিচালনা করছেন অ্যাটলি কুমার। প্যান-ইন্ডিয়ার অ্যাকশন ঘরানার সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনও শুটিংয়ে অংশ নিচ্ছেন। তাদের সহশিল্পী হিসেবে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর। বড় বাজেটের সিনেমাটি ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।