মাঠের মাঝখানে যে সময়টায় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক তখনই ছিটকে যেতে হচ্ছে- ব্যথাটা তাই ভাষায় প্রকাশ করা কঠিন। এমনই আবেগঘন বার্তা দিয়েছেন লামিনে ইয়ামাল, যিনি চোটে পড়ে চলতি মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেলেও বিশ্বকাপ খেলার আশা এখনও টিকে আছে।
সম্প্রতি বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোল করার পরই হ্যামস্ট্রিং সমস্যায় আক্রান্ত হন ১৮ বছর বয়সী এই তারকা। গোল করার পরপরই বেঞ্চের দিকে ইশারা করে নিজের অস্বস্তির কথা জানান তিনি। পরে মেডিকেল স্টাফের সহায়তায় সরাসরি টানেলে চলে যান ইয়ামাল।
বর্তমান পরিস্থিতি অনুযায়ী, তিনি পুরো মৌসুম মিস করবেন, তবে এই গ্রীষ্মের বিশ্বকাপে ফেরার সম্ভাবনা উজ্জ্বল বলেই ধারণা করা হচ্ছে। এই হতাশার মধ্যেই সতীর্থ ও সমর্থকদের উদ্দেশে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন স্পেনের এই তরুণ ফরোয়ার্ড।
ইয়ামাল লিখেছেন, “এই চোট আমাকে মাঠের বাইরে নিয়ে গেল ঠিক সেই সময়ে, যখন আমি সবচেয়ে বেশি খেলতে চেয়েছিলাম। ব্যথাটা ভাষায় বোঝানো কঠিন। দলের জন্য লড়তে না পারা, প্রয়োজনের মুহূর্তে সাহায্য করতে না পারা, এটা খুব কষ্ট দেয়। কিন্তু আমি আমার দলকে বিশ্বাস করি। আমি জানি, তারা প্রতিটি ম্যাচে নিজেদের সবটুকু উজাড় করে দেবে।”
তিনি আরও যোগ করেন, “আমি বাইরে থেকেও তাদের সঙ্গে থাকব- সমর্থন, উৎসাহ আর প্রেরণা দেব। এটা শেষ নয়, এটা সাময়িক বিরতি। আমি আরও শক্ত হয়ে ফিরব, আগের চেয়েও বেশি ক্ষুধা নিয়ে। আগামী মৌসুম হবে আরও ভালো।”
বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইয়ামাল। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল ও ১৫ অ্যাসিস্ট করে বার্সার আক্রমণভাগে ছিলেন অন্যতম প্রধান ভরসা। তাই মৌসুমের শেষদিকে তার অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।
একইসঙ্গে, স্পেন জাতীয় ফুটবল দল-এর বিশ্বকাপ পরিকল্পনাতেও ইয়ামাল গুরুত্বপূর্ণ নাম। ইউরো ২০২৪-এ দলের সাফল্যে বড় ভূমিকা রাখা এই তরুণকে নিয়েই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন।