ক্যাম্পাস

শিবিরকে ‘জুনিয়র রাজাকার’ বললেন রাবি ছাত্রদল সভাপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, “যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং দেশের নারী সমাজকে সম্মান করে না, সেসব সিনিয়র রাজাকারদের প্রতি আহ্বান, আপনারা আপনাদের জুনিয়রদের নিয়ন্ত্রণ করুন। তা না হলে বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঠাঁই দেবে না।”

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

তিনি আরো বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশে এমন একটি গোষ্ঠী সামনে এসেছে, যারা ধর্মের আবরণে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। ১৯৭১ সালে যেভাবে রাজাকারদের প্রতিহত করা হয়েছিল, তেমনি এখনো কেউ সন্ত্রাসী বা ধ্বংসাত্মক রাজনীতি করলে তা প্রতিহত করা হবে। আমরা আহ্বান জানাই, সবাই গণতান্ত্রিক ও সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন।”

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল, ‘গুপ্ত রাজনীতি চলবে না’, ‘শিবিরের সন্ত্রাস রুখে দাও’, ‘জামায়াত-শিবির রাজনীতি বন্ধ কর’, ‘ধর্ম নিয়ে রাজনীতি চলবে না’সহ আরও নানা স্লোগান।

মিছিল শেষে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, “আমরা লক্ষ্য করছি, বাংলাদেশবিরোধী ও পরিচয়হীন কিছু গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিরোধী দলে থেকে দায়িত্বশীল আচরণ করুন। অন্যথায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত এলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সভাপতি, সহ-সভাপতি, বিভিন্ন হল শাখার সভাপতিসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।