সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

সড়কে গাড়ি থামিয়ে চাঁদ আদায়কে কেন্দ্র করে দুটি সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে জেলা কোচ, বাস ও মিনিবাস পরিবহন ইউনিয়নে সদস্যরা কর্মবিরতি শুরু করায় দূরপাল্লাসহ আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিরোধের জেরে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের দাবি, দুটি সংগঠনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করা বাস থেকে চাঁদা আদায় করছে। এ নিয়ে সংগঠন দুটির বিরোধ দীর্ঘদিনের।

ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, “দীর্ঘদিন ধরে দুটি সংগঠন একীভূত হয়ে শ্রমিকদের কল্যাণে নির্ধারিত হারে চাঁদা আদায় করছে। হঠাৎ করেই মোটর শ্রমিক ইউনিয়নের নামে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুরে আলাদাভাবে চাঁদা আদায় শুরু করে একটি পক্ষ। চাঁদা না দিলে গাড়ির লোকদের মারধর করছে তারা। চাঁদা তোলা ও মারধরের প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।”

তিনি আরো বলেন, “টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের এখতিয়ার কোনো সংগঠনের নেই।”

জেলা কোচ, বাস ও মিনিবাস পরিবহন ইউনিয়নের সভাপতি রেজাউল করিম জানান, একটি সংগঠন হরিপুর নামক এলাকায় সড়কে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায় করছে। সড়ক পরিবহন আইন লঙ্ঘন করে তারা চাঁদা আদায় করছে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

এদিকে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত জানান, তারা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছেন। ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যানের পাশাপাশি বাস থেকে চাঁদা নিচ্ছে। অথচ বাস থেকে চাঁদা নেওয়ার অনুমতি ওই সংগঠনের নেই। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “‍দুই সংগঠনের বিরোধ মেটাতে পুলিশ উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিল। দুই পক্ষের অনড় অবস্থানের জন্য সমঝোতা করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি, বিষয়টি সমাধান করার।” 

তিনি বলেন, “শ্রমিক সংগঠনের দুই পক্ষকেই বলা হয়েছে, সড়কে কোন ধরণের চাঁদাবাজি করা যাবে না।”