আন্তর্জাতিক

ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সেখানে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য নয়। 

আলজাজিরার ইসলামাবাদ প্রতিনিধি জানিয়েছেন, পাকিস্তান সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে এবং ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের বিষয়ে দেশটির কর্মকর্তারা আশাবাদী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়টি নাকচ করে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে পৌঁছেছেন। সফরকালে তিনি পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

পোস্টে তিনি আরো লেখেন, এই বৈঠকটি মূলত ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে’ পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

পাকিস্তান সফরের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওমান ও রাশিয়া যাওয়ার কথা রয়েছে।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, শনিবার সকালে ইরানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করতে পাকিস্তান যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য জানিয়ে বলেন, “আমি নিশ্চিত করে বলছি, আলোচনার উদ্দেশ্যে বিশেষ দূত উইটকফ ও জ্যারেড কুশনার আগামীকাল সকালে আবারো পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন।” 

ইরানিরা আলোচনা করতে চায় বলেও দাবি করেন তিনি।