যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর তথ্য জানাল তার পরিবার। এর আগে জামিল আহমেদ লিমনের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।
শনিবার (২৫ এপিল) সকালে নাহিদা সুলতানা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত ফেসবুকে এ তথ্য জানান।
বৃষ্টি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন।
এদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমন লাশ উদ্ধার করে পুলিশ। জামিল একই ইউনিভার্সিটিতে জিওগ্রাফি, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড পলিসি বিষয়ে পিএইচডি করছিলেন।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে হিশাম সালেহ আবুঘারবিয়াহ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি জামিলের রুমমেট ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। ওই দিন সকাল ৯টার দিকে জামিলকে বিশ্ববিদ্যালয়ের কাছের তার ছাত্রাবাসে এবং সকাল ১০টার দিকে নাহিদাকে ক্যাম্পাসে শেষবার দেখা যায়।
এদিকে, দুই শিক্ষার্থীর এমন মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সেখানে অধ্যায়নত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে। এছাড়া, বৃষ্টির গ্রামের বাড়ি ফরিদপুরে ও জামিলের গ্রামের বাড়ি জামালপুরেও চলছে মাতম।