ক্যাম্পাস

এনডিইউবিতে শেক্সপিয়ার দিবস উদযাপন

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে শেক্সপিয়ার দিবস উদযাপন করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি তার বিখ্যাত নাটকগুলোর উল্লেখযোগ্য দৃশ্য মঞ্চায়ন, শিক্ষকদের সলিলোকি পরিবেশনা এবং ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর মিউজিক্যাল উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। কসপ্লে ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহমিনা আহমেদ। তিনি শেক্সপিয়ারের সাহিত্যিক অবদান তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনার প্রশংসা করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিমনস্ক হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।

সহকারী অধ্যাপক সামী হোসেন বলেন, “আমরা একজন শিক্ষার্থীকে শুধু ইংরেজি শিক্ষা দিই না; আমরা তাকে সাহিত্য, সংস্কৃতি, দেশ ও মানবিকতা সম্পর্কে শেখাই। আমরা চাই তারা বাস্তব জীবনে সু-নাগরিক হিসেবে গড়ে উঠুক।”

উল্লেখ্য, প্রতি বছর ২৩ এপ্রিল বিশ্বব্যাপী শেক্সপিয়ার দিবস উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় এনডিইউবি ইংরেজি বিভাগ একটি সুশৃঙ্খল ও মনোগ্রাহী আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করেছে।