পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নিশাত ইসলাম (১৬) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নিশাত একই এলাকার মো. আশরাফ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানায়, নিশাত তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি আংশিক বক্তব্য শেয়ার করেন। পোস্টটির ক্যাপশনে তিনি আপত্তিকর মন্তব্য লেখেন। পোস্টটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরবর্তীতে নিশাত সেটি মুছে ফেলেন বলেও জানা গেছে।
পোস্টটিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। শুক্রবার রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম অভিযুক্ত কলেজছাত্র নিশাত ইসলামের বিরুদ্ধে বাদী হয়ে দেবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয় এক ব্যক্তি রাতে নিশাতের বিরুদ্ধে অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”