সারা বাংলা

প্রেমের টানে রংপুরে চীনা যুবক

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরের মিঠাপুকুরে ছুটে এসেছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা সম্পর্কের পর আনিকা আক্তার নামে এক বাঙালি তরুণীকে বিয়ে করেছেন চীনা যুবক মা লিয়াংহুই।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিদেশি নাগরিকের উপস্থিতির বিষয়টি জানাজানি হলে গ্রামজুড়ে চাঞ্চল্য বেড়ে যায়। বর্তমানে ওই যুবক আনিকার বাড়িতেই অবস্থান করছেন।

আনিকা আক্তার উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকার তৌহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, “দেড় থেকে দুই মাস আগে আনিকার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা যুবক মা লিয়াংহুইর পরিচয় হয়। গত সপ্তাহে ওই চীনা যুবক ঢাকায় আসেন। আনিকা ও তার পরিবারের সদস্যরাও ঢাকায় যান। চার দিন আগে তাদের বিয়ে হয়েছে। বৃহস্পতিবার রাতে আনিকা স্বামীসহ গ্রামে আসেন। এ খবর ছড়িয়ে গ্রামের মানুষজন ভিনদেশি মানুষ দেখতে আনিকাদের বাড়িতে ভিড় করেন।”

আনিকা আক্তার বলেন, “চার দিন আমাদের বিয়ে হয়েছে। সেই কাগজপত্র ইউনিয়ন পরিষদ অফিসে জমা দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাসপোর্টের জন্য আবেদন করেছি। সব কাগজপত্র হাতে পেলে চীনে চলে যাব। সেখানেই আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা করা হবে।”