চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরিফ। ফাইনালে তিনি রাশেদ বলীকে পরাজিত করে চতুর্থবারের মতো শিরোপা নিশ্চিত করেন। এর আগে তিনি টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিলেন।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে শুরু হওয়া প্রতিযোগিতায় ছিল টান টান উত্তেজনা। প্রতিযোগিতার শেষ রাউন্ডে বাঘা শরিফ ও রাশেদ বলীর মধ্যে শুরু থেকেই তীব্র লড়াই হয়। প্রায় ২৪ মিনিটের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর রাশেদ বলীকে পরাস্ত করে জয় তুলে নেন বাঘা শরিফ।
এর আগে প্রথম সেমিফাইনালে মিঠুকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন রাশেদ। অন্য সেমিফাইনালে শাহ জালালের বিপক্ষে সমঝোতার ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হয় বাঘা শরিফকে। ফলে, টানা তৃতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হন বাঘা শরিফ ও রাশেদ।
তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে জয় পান মিঠু। এবারের আসরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১০৮ জন বলী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
চ্যাম্পিয়ন বাঘা শরিফ কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের বাসিন্দা। রানারআপ রাশেদ বলী একই জেলার সদর উপজেলার নসরাইল গ্রামের বাসিন্দা।