খেলাধুলা

ভয়ংকরভাবে পড়ে গিয়ে ইনজুরি আতঙ্ক, সুস্থ আছেন এনগিডি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে ভয়াবহ এক দুর্ঘটনায় মুহূর্তেই থমকে গিয়েছিল মাঠ। লুঙ্গি এনগিডি ক্যাচ ধরতে গিয়ে এমনভাবে পড়ে যান যে মাথা সরাসরি আঘাত করে মাটিতে। আর তাতেই তৈরি হয় বড় ধরনের শঙ্কা।

শনিবার দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে এই দুর্ঘটনা ঘটে। পড়ে যাওয়ার পরপরই মাথা চেপে ধরেন এনগিডি এবং মাথা ও ঘাড়ে ব্যথার কথা জানান। পরিস্থিতির গুরুতরতা এতটাই ছিল যে তাকে স্ট্রেচারে করে দ্রুত অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং হাসপাতালে নেওয়া হয়।

দিল্লির ব্যস্ত ট্রাফিকের মাঝেও তাকে দ্রুত হাসপাতালে পৌঁছাতে ‘গ্রিন করিডর’ তৈরি করে পুলিশ, যার ফলে মাত্র ১১ মিনিটেই তিনি ব্লকে ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে যান। মাঠে তখন সহখেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মুখে ছিল স্পষ্ট উদ্বেগের ছাপ।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহানুভূতির ঢল নামে। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস থেকে শুরু করে এনগিডির সাবেক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দেয়। কেউ লিখেছে, “আশা করি এনগিডি ভালো আছে”, আবার কেউ বলেছে, “ওই পড়াটা ছিল ভয়ংকর- দ্রুত সুস্থ হয়ে ওঠো।”

সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে স্বস্তির খবর আসে কিছুক্ষণ পরই। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তার স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে। চিকিৎসা শেষে শনিবার রাতেই তিনি দলের হোটেলে ফিরে যান। হাসপাতালে থাকাকালীন তাকে দেখতে গিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও সহ-মালিক কিরণ কুমার গান্ধী।

মাঠের ভয়ংকর সেই মুহূর্ত হয়তো অনেকের মনে আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বড় কোনো বিপদ না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ক্রিকেট বিশ্ব।