মিডিয়া

প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত: মারুফ কামাল খান

নতুন বাংলাদেশে নতুর পরিস্থিতিতে গণতন্ত্রের নবযাত্রায় ‘প্রতিদিনের বাংলাদেশ’কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন সংবাদকর্মীরা। তারা পত্রিকাটিকে দেশের আপামর জনতার কাছে আরও গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, প্রতিদিনের বাংলাদেশ হবে দেশের গণমানুষের কণ্ঠস্বর।

গতকাল শনিবার প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সভা-২০২৬ অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিভাগীয় ব্যুরো, জেলা ও উপজেলা প্রতিনিধি অংশ নিয়ে এই প্রত্যয় ব্যক্ত করেন। পত্রিকাটির প্রচার-প্রসারে মুদ্রণ সংস্করণের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করার কথা বলেন তারা।  

রাজধানীর বিশ্বরোডস্থ কুড়িলে রংধনু কর্পোরেট অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে উৎসবমুখর পরিবেশে সারা দেশ থেকে আগত প্রতিনিধিরা তাদের আবেগময় অনুভূতি ব্যক্ত করেন। দুই পর্বে অনুষ্ঠিত এ সভায় তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন। বেলা সাড়ে ১১টায় উদ্বোধনী পর্বে প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রকাশক কাউসার আহমেদ অপু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান দিপু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা, রংধনু গ্রুপের হেড অব ব্র্যান্ড মিডিয়া সাইফুল ইসলাম, গ্রীন টেলিভিশনের হেড অব নিউজ হাসান মাহবুব প্রমুখ।

অনুষ্ঠানে মারুফ কামাল খান বলেন, ‘‘সাংবাদিকরা জনগণের বার্তাবাহক। কেননা সাংবাদিকরা মানুষের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন-প্রত্যাশা, সমস্যা-সংকট, ঘটনা-রটনা, কালি-কলম-সেলফোন-ল্যাপটপ-ক্যামেরার মাধ্যমে তুলে ধরেন। এ কাজে প্রতিটি অঞ্চলে আপনারাই (প্রতিনিধি) আমাদের দূত বা মেসেঞ্জার।’’

পত্রিকাটির প্রকাশক কাউসার আহমেদ অপু বলেন, ‘‘প্রতিনিধিদের সর্বোচ্চ কাজ পত্রিকার সবচেয়ে ভালো অর্জন। বাংলাদেশে অনেক পত্রিকা রয়েছে। তারা প্রত্যেকেই নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। আমরাও চাই আপনাদের কাছ থেকে সর্বোচ্চ কাজটা। কেননা আপনাদের সর্বোচ্চটা আমাদের জন্য সবচেয়ে ভালো অর্জন।’’