তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। এতে গরম কিছুটা কমবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা ছিল। এরপর বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে দীর্ঘ তাপদাহের পর স্বস্তি প্রকাশ করছে রাজধানীবাসী।
আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা এর চেয়ে অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।