চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে পেট্রল পাম্পে সরকারি গাড়িতে তেল নিতে গিয়ে বিএনপির নেতার হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকায় অবস্থিত মেসার্স রায়হান পেট্রোল পাম্পে হামলার শিকার হন ওই পুলিশ সদস্য।
অভিযুক্ত হামলাকারী মোহাম্মদ রায়হান আলী গোমস্তাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের ছেলে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
নাচোল থানায় কর্মরত পুলিশ সদস্য (ড্রাইভার) মো. শওকত আলী সরকারি গাড়ির জন্য জ্বালানি তেল সংগ্রহের জন্য রহনপুরের ওই পেট্রোল পাম্পে যান। সেখানে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পের মালিক ও বিএনপি নেতা রায়হান আলীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রায়হান আলী উত্তেজিত হয়ে ওই পুলিশ সদস্যকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করেন। শওকত আলী পুলিশ পরিচয় দেওয়ার পরেও রায়হান ক্ষান্ত হননি। তিনি ওই পুলিশ সদস্যের মুখে কয়েকবার ঘুষি মারেন এবং লাঠি দিয়ে তার ডান হাতের কনুইয়ে আঘাত করেন। এতে শওকত আলীর হাত গুরুতর জখম হয়ে ফুলে যায়।
এ সময় পাম্পে দায়িত্ব পালনরত রহনপুর তদন্ত কেন্দ্রের এসআই ইকবালসহ পুলিশের অন্য সদস্যরা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চাঁপাইনবাবগঞ্জর অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, হামলার খবর পাওয়ামাত্রই পুলিশ আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে। সরকারি কর্মচারীকে মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলা রুজু হলে অভিযান শুরু হবে।