গাইবান্ধায় পৃথক উপজেলায় বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মারা গেছে একটি গরু ও একটি ঘোড়া।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার ফুয়াদ (১৪), রাফি (১৫) ও মিজান (২০), সাঘাটা উপজেলার নম্বার আলী (৬৫) ও ফুলছড়ি উপজেলার মানিক মিয়া (১৯)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ফুয়াদ, রাফি ও মিজানের মৃত্যু হয়। এ ঘটনায় শামীম নামে একজন আহত হয়েছেন। মারা গেছে পাশে থাকা একটি গরু।
এদিকে বেলা ৩টার দিকে বজ্রপাতে আহত হন নম্বার আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরে ঘোড়ার গাড়ি চালানোর সময় বজ্রপাতে মানিক মিয়া নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মারা গেছে ঘোড়াটি।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ও সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন এসব তথ্য নিশ্চিত করেছেন।