জাতীয়

জ্বালানি সংকট নিরসনে ‘বিশেষ কমিটি’ গঠনের প্রস্তাব সংসদে পাস

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সংকট সমাধানে সরকার ও বিরোধী দলের ১০ সদস্যের একটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ৩০ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেবে।

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

চিফ হুইপ বলেন, “জ্বালানি সংকট মোকাবিলায় গঠিত কমিটি প্রয়োজনীয় সুপারিশ করবে। সরকার ও বিরোধী দল মিলে জাতীয় সংসদে কমিটি গঠনের এমন নজির বিরল। এর আগে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় রূপান্তরের সময় সরকার ও বিরোধী দল একমত হয়েছিল।”

এর আগে গত ২৩ এপ্রিল ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে দেশে সৃষ্ট জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কমিটিতে যাঁরা আছেন কমিটির সভাপতি করা হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে।

সরকারি দলের ৫ সদস্য: জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,  লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত ও শরীয়তপুর-৩  আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।  

বিরোধী দলের ৫ সদস্য হলেন  ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য  আবদুল বাতেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম,  কুমিল্লা-৪ (এনসিপি)  আসনের সংসদ সদস্য আবুল হাসনাত ও সিলেট-৫ (বাংলাদেশ খেলাফত মজলিশ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।