আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে বৈঠক ‘যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনার বড় সুযোগ’: আরাঘচি

রাশিয়ার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে সোমবার (২৭ এপ্রিল) সকালে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর আল-জাজিরার।

সেন্ট পিটার্সবার্গে পৌঁছে ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে তেহরান ও মস্কোর মধ্যকার ঘনিষ্ঠ আলোচনা এগিয়ে নিতেই তার এই সফর।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠকটি ‘যুদ্ধের ঘটনাবলি নিয়ে আলোচনা ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার একটি ভালো সুযোগ হবে’।

তিনি আরো যোগ করেন, “আমি বিশ্বাস করি বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে এই ধরনের সমন্বয় ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

এ সময় আরাঘচি তার সাম্প্রতিক পাকিস্তান ও ওমান সফরের বিষয়েও কথা বলেন। তিনি তার ইসলামাবাদ সফরকে ‘খুবই ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেন। তার মতে, সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার সুনির্দিষ্ট শর্তাবলি এবং অতীত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে।

ওমান সফরের গুরুত্ব তুলে ধরে আরাঘচি জানান, হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে মাস্কাটের সঙ্গে গভীর আলোচনা হয়েছে। তিনি বলেন, “ইরান ও ওমান- উভয়ই হরমুজ প্রণালির উপকূলীয় রাষ্ট্র। এই প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল এখন একটি বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে, তাই আমাদের দুই দেশের মধ্যে নিয়মিত পরামর্শ অপরিহার্য।”

আরাঘচি জোর দিয়ে বলেন, এই প্রণালিকে কেন্দ্র করে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে উভয় দেশের স্বার্থ সরাসরি জড়িত। তাই অভিন্ন স্বার্থ রক্ষায় সমন্বয় বজায় রাখা প্রয়োজন। তিনি জানান, ওমানের সঙ্গে ইরানের ‘উচ্চ পর্যায়ের ঐকমত্য’ রয়েছে এবং বিশেষজ্ঞ পর্যায়ে এই আলোচনা অব্যাহত থাকবে।

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কূটনৈতিক তৎপরতা আরো জোরদান করছে ইরান। এর অংশ হিসেবেই সোমবার রাশিয়ায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। এর আগে রবিবার তিনি পাকিস্তান ও ওমানের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ার মাঝেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।