সারা বাংলা

নরসিংদীতে প্রেমিককে কুপিয়ে আহত, প্রেমিকার বাড়িতে আগুন 

নরসিংদীর মাধবদীতে সাজ্জাদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রেমিকার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজিত হয়ে আহত যুবকের স্বজনরা প্রেমিকারসহ কয়েকটি বাড়িতে আগুন দিয়েছেন। 

রবিবার (২৭ এপ্রিল) রাতে মাধবদী থানার খনমুর্দ্দি এলাকায় ঘটনাটি ঘটে। আহত সাজ্জাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় জানায়, খনমুর্দ্দি এলাকার সাজ্জাদের সঙ্গে একই এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। রবিবার রাতে মেয়েটির ভাই ও চাচাসহ কয়েকজন মিলে সাজ্জাদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সাজ্জাদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয় লোকন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মেয়েটির বাড়িতে হামলা চালান। একপর্যায়ে ওই মেয়ের বাড়িসহ তার চাচা ও ফুফুর মোট চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে বাড়িগুলোর আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জামসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।

এদিকে, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের রওনা হলেও স্থানীয়দের বাধার মুখে তারা সময়মতো ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগুন নেভানোর কাজ শুরু হয়। এর আগেই ঘরগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়।

বাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রেমিকার বাবা বলেন, “আমার ও আমার ভাইয়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে তারা। আমাদের একতলা পাকা ভবন ও টিনশেড ঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে। এই ঘটনার বিচার চাই আমরা।” 

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আহত যুবকের চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।