বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ের সময় বটগাছ উপড়ে দোকানের ওপর পড়ে উমা চন্দ্র (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার সময় তিনি নিজের দোকানে ঘুমিয়ে ছিলেন।
সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া উমা চন্দ্র উপজেলার চক রাধিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, উমা চন্দ্র প্রতিদিনের মতো রাতে নিজের দোকানেই ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে তিনটার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় দোকানের পাশে থাকা একটি বড় বটগাছ উপড়ে পড়ে তার দোকানের ওপর। এতে দোকানটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে ঘুমিয়ে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন। পরে গাবতলী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা গাছের নিচ থেকে উমা চন্দ্রের লাশ উদ্ধার করেন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।