আন্তর্জাতিক

গুলির ঘটনায় আমি নির্ভীক ছিলাম: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউজ সাংবাদিকদের নৈশভোজ অনুষ্ঠানে এক ভয়াবহ বন্দুক হামলার হাত থেকে রক্ষা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। স্থানীয় সময় শনিবার রাতের ওই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেছেন, তাকে সরিয়ে নেওয়ার সময় তিনি মোটেও ‘উদ্বিগ্ন ছিলেন না’। খবর বিবিসির। 

রবিবার (২৬ এপ্রিল) সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি উদ্বিগ্ন ছিলাম না। আমি জীবন সম্পর্কে বুঝি। আমরা এক উন্মাদ পৃথিবীতে বাস করি।”

মার্কিন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে যখন অনুষ্ঠান চলছিল, তখন হঠাৎ মূল প্রবেশপথের সিকিউরিটি স্ক্রিনিং এলাকার কাছে গুলির শব্দ শোনা যায়। সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিসহ অন্যান্য ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তাদের দ্রুত তৎপরতায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে গুলিবিনিময়ের সময় একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা আহত হয়েছেন এবং ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ছুরি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। বর্তমানে এফবিআই-এর অপরাধ তদন্ত বিভাগ এবং সন্ত্রাসবাদ বিরোধী টাস্কফোর্স ঘটনাটি তদন্ত করছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত অনুষ্ঠানে উপস্থিত হোয়াইট হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। তবে বন্দুকধারীর প্রকৃত উদ্দেশ্য এখনও তদন্তাধীন।

নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর শনিবার এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি কল্পনাও করতে পারি না যে এর চেয়ে বিপজ্জনক কোনো পেশা (মার্কিন প্রেসিডেন্ট) আর হতে পারে।” রবিবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ‘হত্যার চেষ্টা’ থেকে বেঁচে যাওয়ার পরও ট্রাম্প ‘নির্ভীক’ রয়েছেন। তিনি তার নিরাপত্তা দলের সদস্যদের প্রশংসা করে তাদের ‘অসাধারণ মানুষ’ বলে অভিহিত করেছেন।

সিবিএস নিউজ ও অন্যান্য মার্কিন মাধ্যম একটি নথির কথা উল্লেখ করেছে, যা অ্যালেনের বলে ধারণা করা হচ্ছে। সেখানে বলা হয়েছে যে, বন্দুকধারী ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ‘সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পদমর্যাদা’ অনুযায়ী লক্ষ্যবস্তু করতে চেয়েছিলেন। সাধারণ অতিথি বা হোটেলের কর্মীরা তার মূল লক্ষ্য না থাকলেও, কর্মকর্তাদের কাছে পৌঁছাতে প্রয়োজনে তাদের ওপরও হামলার পরিকল্পনা ছিল তার।

কানেকটিকাটের নিউ লন্ডন পুলিশ বিভাগ জানিয়েছে, বন্দুকধারীর ভাই এই নথিটি পাওয়ার পরপরেই পুলিশকে তা অবহিত করেন।

সাক্ষাৎকারের সময় সাংবাদিক নোরাহ ও’ ডোনেল যখন অ্যালেনের লেখায় উল্লিখিত ‘পেডোফাইল, ধর্ষক এবং বিশ্বাসঘাতক’ (কোনো নাম উল্লেখ না করে) শব্দগুলো নিয়ে প্রশ্ন করলে, ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ও’ডোনেলকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন এবং বলেন যে, তার এই প্রশ্ন করা উচিত হয়নি।

উল্লেখ্য, এটি ট্রাম্পের ওপর তৃতীয়বার হামলার চেষ্টা। এর আগে ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ায় এক র‍্যালিতে তার কানে গুলি লাগে এবং সেপ্টেম্বরে ফ্লোরিডায় তার গলফ ক্লাবে আরেকজন সশস্ত্র ব্যক্তি ধরা পড়ে।