দেশব্যাপী চলমান ধর্ষণ, বিভিন্ন সহিংসতা এবং শিক্ষাঙ্গনের অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন ও ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি।
রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনটির জাবি শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন শাখার দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দেশে চলমান বিশৃঙ্খলা ও শিক্ষাঙ্গনে নতুন করে শুরু হওয়া অস্থিতিশীল কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। সব ধরনের সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।
মানববন্ধনে জাবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “ক্যাম্পাসগুলোতে অতীতের সহিংস ছাত্ররাজনীতির ভয়াবহতা আমরা দেখেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যখন সহাবস্থান ও ঐক্যের রাজনীতি গড়ে তোলার চেষ্টা করছি, তখন আবার পেশিশক্তি ও সংঘর্ষের ঘটনা বাড়ছে—যা অত্যন্ত উদ্বেগজনক। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমরা চিন্তিত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রয়োজন।”
শিক্ষার্থীদের প্রত্যাশার কথা তুলে ধরে সংগঠনের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “সাধারণ শিক্ষার্থীরা কখনোই সহিংসতা চায়নি; তারা চেয়েছে ঐক্য ও সহনশীলতার রাজনীতি। কিন্তু দুই বছর পর আবারো ক্যাম্পাসে পেশিশক্তির উত্থান দেখা যাচ্ছে। আমরা সবাইকে সহিংসতা পরিহার করে ঐক্যের পথে ফিরে আসার আহ্বান জানাই।”
দেশের চলমান অস্থিরতায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “শিক্ষার্থীরা যখন নীতিগত বিষয় নিয়ে আলোচনা করছে, তখনই দেশজুড়ে অস্থিরতা তৈরি হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ ছাড়া এই পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।”